আধ্যাত্মিকতা, ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক মিলনের মহামিলনস্থল ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভমেলা পরিদর্শন করেছেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার এম কে সিং। এ উপলক্ষে কুম্ভমেলা প্রাঙ্গণে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

পরিদর্শনকালে কুম্ভমেলার সার্বিক আয়োজন, লক্ষ্য ও তাৎপর্য বিস্তারিতভাবে উপস্থাপন করেন আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার অন্যতম দিকনির্দেশক এবং ঋষি অদ্বৈতানন্দ পরিষদ–বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শ্রী দেবাশীষ পালিত। তিনি ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভমেলার ধর্মীয়, আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ-ভারতের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন সুদৃঢ় করতে এ আয়োজনের ভূমিকার কথা উল্লেখ করেন।

এ সময় সহকারী হাইকমিশনার এম কে সিং কুম্ভমেলার শান্তিপূর্ণ পরিবেশ, শৃঙ্খলাবদ্ধ আয়োজন এবং বহুমাত্রিক ধর্মীয় কার্যক্রমের প্রশংসা করেন। পরে তিনি ঋষিধাম ও তুলসী ধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘের সহসভাপতি শ্রী রাজীব সিংহ, কুম্ভমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিকসহ কুম্ভমেলা উদযাপন পরিষদ ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তারা সকলেই ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভমেলার সফল আয়োজন এবং আন্তর্জাতিক পরিসরে এর গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভমেলা দেশ-বিদেশের সাধু-সন্ন্যাসী, ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে এক অনন্য আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়েছে।

* ২রা ফেব্রুয়ারী ২০২৬ইং ঋষিধামে মহা-দীক্ষানুষ্ঠান, এখনই রেজিষ্ট্রেশন করুন *

দীক্ষা গ্রহণের আবেদনপত্র